শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করলেন স্বাস্থ্যমন্ত্রী

2 বছর আগে | আপডেট: 39 মিনিট আগে | লাইফস্টাইল
সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করলেন স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান উজ্জ্বলের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরেন এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, বার্ন ইনস্টিটিউটের যাত্রালগ্ন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তিনি সবসময়ই গণমাধ্যমকর্মীদের পাশে পেয়েছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় ঝুমঝুমি প্রকাশনীর স্টলে সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান উজ্জ্বলের লেখা ‘যাপিত জীবনের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বার্ন ইনস্টিটিউটকে ৫ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করার পেছনে সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে। তারা আমার প্রতিটি কার্যক্রমকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। প্রতিকূলতার মধ্যেও সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে সমাজ ও দেশের উপকারে ভূমিকা রাখেন, আমি তার উজ্জ্বল দৃষ্টান্ত।

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে ডা. সামন্ত লাল সেন বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে ঢাকার ওপর চাপ অনেকাংশে কমে আসবে। বার্ন রোগীদের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকার বাইরের রোগীদের দুর্ভোগ লাঘবে আমি কাজ করছি। প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে দ্রুত এসব সমস্যা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। শতভাগ না হলেও অন্তত ৫০ ভাগ সমস্যার সমাধান করতে পারলে আমি নিজেকে সফল মনে করব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক আরিফ সোহেল। এতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান খান এবং ঝুমঝুমি প্রকাশনীর প্রকাশক শায়লা রহমান তিথিসহ গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।