রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোন গুলি করে ভূপাতিত করল ন্যাটো
রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর টহলে থাকা স্পেনের একটি যুদ্ধবিমান। এটি এ বছর দেশটিতে চতুর্থ ড্রোন অনুপ্রবেশের ঘটনা।
রোমানিয়ার আকাশসীমায় অনধিকার প্রবেশ করা একটি ড্রোন গুলি চালিয়ে নামিয়েছে ন্যাটো মিশনে নিয়োজিত স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান। রোববার (১৬ আগস্ট) রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এ বছর দেশটিতে এ ধরনের অনুপ্রবেশের ঘটনা এটি চতুর্থবার।
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, রাডারে ড্রোনটির উপস্থিতি ধরা পড়ার পর স্প্যানিশ এফ-১৮ বিমান সেটিকে অনুসরণ করে এবং পরবর্তী নির্দেশ পাওয়ার পর স্থানীয় সময় ভোর ৫টা ১ মিনিটে সেটিকে গুলি করে ধ্বংস করে।
অনুপ্রবেশকারী ড্রোনটি কোন দেশের তা স্পষ্ট করেনি রোমানিয়া। তবে মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনটি প্রতিবেশী দেশ মলদোভা হয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গালাতি শহরের প্রায় ২৪ কিলোমিটার উত্তরে রোমানিয়ার সীমানায় ঢুকেছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটির ধ্বংসাবশেষ দুটি গ্রামের মধ্যবর্তী জনশূন্য এলাকায় পড়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, ইউক্রেনের সঙ্গে রোমানিয়ার ৬১৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার রুশ ড্রোন রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে। এছাড়া কৃষ্ণসাগরে ভাসমান মাইন বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এর আগে চলতি বছরের জুলাই মাসে রোমানিয়ার নিজস্ব এফ-১৬ যুদ্ধবিমান তিনটি রুশ ড্রোন ভূপাতিত করেছিল। এছাড়া বছরের শুরুর দিকে গালাতি শহরের একটি আবাসিক এলাকায় রুশ ড্রোন বিধ্বস্ত হয়ে দুইজন আহত হয়েছিলেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।