রবিবার, ১৬ আগস্ট ২০২৬

হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিপন্ন জনজীবন

2 ঘন্টা আগে | আপডেট: 56 মিনিট আগে | বিশ্ব
হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিপন্ন জনজীবন

হারিকেন লালার আঘাতে হাওয়াইয়ের জনজীবন বিপর্যস্ত। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৪২ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন, বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দর ও বন্দর।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী হারিকেন ‘লালা’। ঝড়ের প্রভাবে শনিবার থেকে প্রবল বাতাস ও বর্ষণের কবলে পড়েছে দ্বীপপুঞ্জটি। এতে অন্তত ৪২ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বড় ধরনের বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টা পর্যন্ত হাওয়াইয়ে ৪২ হাজার ৮৮৯ জন গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।

এনএইচসি সতর্ক করেছে যে, লালার প্রভাবে পাহাড়ি ও ঢালু এলাকাগুলোতে ভয়াবহ বন্যা ও ভূমিধস হতে পারে। হাওয়াইয়ান ইলেকট্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, বিগ আইল্যান্ডের হামাকুয়া উপকূলীয় অঞ্চলে গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৬৭ দশমিক ৬ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে।

হারিকেন লালার বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার বা ৭৫ মাইল পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা এটিকে ১ নম্বর ক্যাটাগরির হারিকেনে পরিণত করেছে। মাউনাকেয়া ওয়েদার সেন্টারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ মাইলের বেশি রেকর্ড করা হলেও উপকূলীয় অঞ্চলে তা কিছুটা কম ছিল।

পূর্বাভাস অনুযায়ী, বিগ আইল্যান্ডে সর্বোচ্চ ২৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মাউইয়ের বিভিন্ন অংশে ৮ থেকে ১২ ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় হিলো ও এলিসন ওনিজুকা কোনা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দ্বীপপুঞ্জের বিভিন্ন বাণিজ্যিক বন্দরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয়দের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।