যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক বিশপ গ্রেপ্তার
ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক বিশপ ক্রিস্টোফার সন্ডার্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শিশুদের ওপর নির্যাতনেরও অভিযোগ রয়েছে।
অস্ট্রেলিয়ার ক্যাথলিক চার্চের অন্যতম শীর্ষস্থানীয় ধর্মযাজক ক্রিস্টোফার সন্ডার্সকে (৭৪) ধর্ষণসহ একাধিক যৌন অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ বেশ গুরুতর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিবিসির তথ্যমতে, ভুক্তভোগীদের তালিকায় অপ্রাপ্তবয়স্ক শিশুরাও রয়েছে। মূলত ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্রুম, কুনুনুরা এবং আদিবাসী অধ্যুষিত কালুমবুরু এলাকায় অবস্থানকালে তিনি এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পুলিশ এবং পোপ ফ্রান্সিসের নির্দেশে পরিচালিত পৃথক দুটি তদন্তের ভিত্তিতে বুধবার তাকে ব্রুম থেকে গ্রেপ্তার করা হয়। তবে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জামিন পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের প্রতিবেদন অনুযায়ী, আগামী জুন মাসে আদালতে শুনানি শুরু না হওয়া পর্যন্ত তাকে গৃহবন্দি থাকার শর্ত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে কার্ডিনাল জর্জ পেলও শিশুদের সঙ্গে যৌন অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে কারাদণ্ড ভোগ করেছিলেন, যদিও পরবর্তীতে তিনি মুক্তি পান।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।