ভুয়া তথ্য মোকাবিলায় যৌথ উদ্যোগে কাজ করবে ঢাকা ও ইইউ
অপতথ্য রোধ ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রেখে অপপ্রচার ও ভুয়া তথ্য প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই দুটি বিষয়কে ভারসাম্যপূর্ণভাবে এগিয়ে নেওয়াই মূল লক্ষ্য।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, অপতথ্যের নেতিবাচক প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, যা থেকে বাংলাদেশ ও পশ্চিমা দেশগুলো উভয়ই ভুক্তভোগী। এ বিষয়ে নৈতিক ঐকমত্যের ভিত্তিতে ইইউ যে ধরনের আইন প্রণয়ন করছে বা খসড়া তৈরি করছে, তা বাংলাদেশের সাথে শেয়ার করার ব্যাপারে আলোচনা হয়েছে।
মোহাম্মদ এ আরাফাত জানান, বৈশ্বিক এই উদ্বেগ নিরসনে পারস্পরিক সহায়তা বৃদ্ধির উপায় নিয়ে রাষ্ট্রদূতের সাথে বিশদ আলাপ হয়েছে। এছাড়া ইইউ-এর সাথে বিদ্যমান অংশীদারিত্বের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।