ব্রাসেলসে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. হাছান মাহমুদের দ্বিপাক্ষিক বৈঠক
ব্রাসেলসে ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ড. হাছান মাহমুদ।
বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের ফাঁকে ভিয়েতনাম, বেলজিয়াম, চেক রিপাবলিক এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশে সফরের আমন্ত্রণ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি চিঠি ড. হাছান মাহমুদের কাছে হস্তান্তর করেন। এছাড়া দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে হাছান মাহমুদকেও ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান তিনি।
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। জবাবে ড. হাছান মাহমুদ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বেলজিয়ামের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া শুক্রবার চেক পররাষ্ট্রমন্ত্রী জ্যান লিপাভস্কি এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোমের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন ড. হাছান মাহমুদ।
বৈঠকগুলোতে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের ক্রমবর্ধমান খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির জন্য পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানে চার দেশের প্রতিনিধিরাই ইতিবাচক সাড়া দিয়েছেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।