বেলজিয়ামে সংস্কার কাজ চলাকালে দেয়াল ভেঙে মিললো কোটি টাকার সোনা
বেলজিয়ামের একটি বাড়িতে সংস্কার কাজের সময় দেয়ালের ভেতর থেকে ৯০ মিলিয়ন ইউরো মূল্যের সোনার বার ও মুদ্রা উদ্ধার করেছেন শ্রমিকরা।
বেলজিয়ামের একটি ভবনে সংস্কার কাজ পরিচালনার সময় শ্রমিকরা দেয়ালের ভেতর লুকানো বিশাল অংকের স্বর্ণবার ও মুদ্রা খুঁজে পেয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় ৯০ মিলিয়ন ইউরো।
পূর্ব ফ্ল্যান্ডার্সের ওই বাড়িতে পয়ঃনিষ্কাশনের পাইপ স্থাপনের জন্য দেয়াল ড্রিল করার সময় শ্রমিকদের চোখে পড়ে সিলগালা করা এই ধনসম্পদ। ১৮ বছর বয়সী শ্রমিক কোবি জানিয়েছেন, শুরুতে তারা সাধারণ কয়েন ভেবে ভুল করলেও পরে সোনার খণ্ডগুলো দেখে হতবাক হয়ে যান।
ঘটনার পরপরই পুলিশকে অবহিত করা হয়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলে উদ্ধারকৃত সোনা হেফাজতে নেয় এবং ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত শুরু করে। এই বিপুল পরিমাণ সোনা কেন এবং কীভাবে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাড়িটির বর্তমান মালিক সিএডাব্লিউ ওয়েস্ট-ভ্যান্ডারেন নামক একটি দাতব্য সংস্থা। সংস্থাটির পরিচালক গিয়ার্ট হিলার্ট জানান, এমন আকস্মিক প্রাপ্তিতে তিনি বিস্মিত এবং সম্পদটি জনকল্যাণে ব্যবহারের আশা প্রকাশ করেছেন।
এদিকে, কৌতূহলী মানুষকে ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। বেলজিয়ামের আইন অনুযায়ী, নির্দিষ্ট সময় পর্যন্ত প্রকৃত মালিকের দাবির সুযোগ রয়েছে। তবে কোনো দাবি না উঠলে এবং সোনাগুলো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট না হলে, আইন মোতাবেক বাড়িটির মালিক ও আবিষ্কারক তা ভাগ করে নিতে পারবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।