বিদ্যুৎ ও গ্যাস সংকট শিগগিরই কাটবে, আশ্বাস প্রধানমন্ত্রীর
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি জানান, দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ চলছে।
বিদ্যুৎ পরিস্থিতির সাময়িক সংকটের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।
শনিবার (১৫ আগস্ট) মহাখালীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে দরিদ্র মানুষের মাঝে সহায়তা বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারী কর্মকাণ্ডের মাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তিনি জানান, সরকার গ্যাসের সংকট নিরসনে আন্তরিকভাবে কাজ করছে। কারিগরি জটিলতাগুলো কমিয়ে আনা হয়েছে, তাই খুব দ্রুতই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটবে।
এ সময় বিরোধী দলের সমালোচনা করে তিনি তাদের পরামর্শ দেন যে, সংকট সমাধানের জন্য তাদের যদি কোনো কার্যকর পরিকল্পনা থাকে, তবে যেন তা আগামী তিন মাসের মধ্যে উপস্থাপন করা হয়।
সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে গণতন্ত্র ও জবাবদিহি থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয়। তিনি ঘোষণা দেন যে, আগামী এক মাসের মধ্যেই স্কুল শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ শুরু হবে এবং পর্যায়ক্রমে উপজেলার ৫০ শয্যার সব হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।