দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসন: তারকাদের ভিড়ে কেবল তারানা হালিমের জয়
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। শোবিজের অনেক তারকা মনোনয়ন প্রত্যাশী থাকলেও কেবল তারানা হালিমই স্থান পেয়েছেন চূড়ান্ত তালিকায়।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঘোষিত এই তালিকায় শোবিজ অঙ্গন থেকে জায়গা পেয়েছেন কেবল অভিনেত্রী তারানা হালিম।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের পক্ষ থেকে সংরক্ষিত আসনের চূড়ান্ত তালিকাটি প্রকাশ করা হয়।
এবারের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে বিনোদন জগতে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছিল। মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, মেহের আফরোজ শাওন, তানভীন সুইটি, রোকেয়া প্রাচী, সুজাতা বেগম, লাকী ইনাম, শিমলা, তারিন জাহান এবং ঊর্মিলা শ্রাবন্তী করের মতো জনপ্রিয় তারকারা ছিলেন। তবে শেষ পর্যন্ত অনেক তারকাকে পেছনে ফেলে মনোনয়ন নিশ্চিত করেন তারানা হালিম।
তারানা হালিমের জন্য সংসদ সদস্য হওয়া নতুন কোনো অভিজ্ঞতা নয়। তিনি ২০০৯ সালে প্রথমবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়েছিলেন। পরবর্তীতে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৪ মার্চ দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করেছিল আওয়ামী লীগ। তিন দিনে ১৫৪৯ জন নারী দলীয় ফরম কিনেছিলেন, যা থেকে সাত কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা আয় হয়। দলগত ও স্বতন্ত্র কোটা মিলিয়ে আওয়ামী লীগ এবার ৪৮টি সংরক্ষিত আসন পাচ্ছে।
আওয়ামী লীগের মনোনীত তালিকায় আরও রয়েছেন রেজিয়া ইসলাম, দ্রোপৌদী দেবী, আশিকা সুলতানা, রোকেয়া সুলতানা, কোহেলি কুদ্দুস, জেবিন মাহবুব, রুনু রেজা, ফরিদা আকতার, ফারজানা সুমি, খালেদা বাহান, নাজনীন নাহার, ফরিদা ইয়াসমিন, উম্মে ফারজানা, মাহফুজা সুলতানা, পারভীন জামান, অ্যারোমা দত্ত, অনিমা মুক্তি, মাসুদা সিদ্দিক, বেগম শামসুন্নাহার এবং মেহের আফরোজ চুমকি।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।