রবিবার, ১৬ আগস্ট ২০২৬

দেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম

1 দিন আগে | আপডেট: 1 ঘন্টা আগে | জাতীয়
দেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাজুস। মাত্র একদিন আগে দাম কমানোর পর আবারও তা আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট বা সবচেয়ে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করেছে। এই পরিবর্তনের ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা গুনতে হবে গ্রাহকদের।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই নতুন মূল্য তালিকা বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় চূড়ান্ত করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ১০০ টাকা বেড়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৪ আগস্ট) সকালেই বাজুস ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা করেছিল। অর্থাৎ, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আগের কমানো দাম আবারও বাড়িয়ে আগের জায়গায় ফিরিয়ে আনা হলো। তবে সোনার দাম বাড়লেও রুপার মূল্যে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।