শনিবার, ১৫ আগস্ট ২০২৬

তাইওয়ানের বাজেট জট কাটল: প্রতিরক্ষা খাতে বিশেষ নজর

2 ঘন্টা আগে | আপডেট: 59 মিনিট আগে | বিশ্ব
তাইওয়ানের বাজেট জট কাটল: প্রতিরক্ষা খাতে বিশেষ নজর

দীর্ঘ ২৬৬ দিনের অচলাবস্থা শেষে তাইওয়ানে ৯৩ বিলিয়ন ডলারের বাজেট পাস হয়েছে, যেখানে চীনের হুমকি মোকাবিলায় ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

দীর্ঘ ২৬৬ দিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে অবশেষে তাইওয়ানের পার্লামেন্টে ৯৩ বিলিয়ন ডলারের বার্ষিক বাজেট পাস হয়েছে। চীনের সামরিক হুমকির মুখে থাকা দ্বীপরাষ্ট্রটি এই বাজেটে ড্রোন প্রযুক্তির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। শুক্রবার রাতে বিরোধী দল নিয়ন্ত্রিত আইনসভায় এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি অনুমোদন পায়।

প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে সরকারের সঙ্গে বিরোধী পক্ষগুলোর মতবিরোধের কারণে দীর্ঘ সময় বাজেট আটকে ছিল। এর ফলে দেশটিতে সাংবিধানিক সংকট দেখা দিয়েছিল। অবশেষে বিরোধীদের আপত্তির মুখে ড্রোন প্রকল্পের বরাদ্দ বহাল রেখেই বাজেট পাস হয়। তবে সরকার অন্যান্য খাতে ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সরকারি কর্মকর্তাদের বিশেষ ভাতা ৬০ শতাংশ এবং গণমাধ্যম প্রচার বাজেট ৫০ শতাংশ কমানো হয়েছে। সামরিক সরঞ্জাম ও অবকাঠামো খাতেও ব্যয় ২ দশমিক ৫ শতাংশ হ্রাস করা হয়েছে।

বাজেট পাস হওয়ার আগ পর্যন্ত তাইওয়ান সাময়িক ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছিল। পার্লামেন্ট স্পিকার হান কুও-ইউ এই দীর্ঘ অচলাবস্থাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে ভবিষ্যতে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার ওপর জোর দিয়েছেন। এর আগে মে মাসে সরকার প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেটে বড় ধরনের কাটছাঁট করেছিল বিরোধী দলগুলো।

বর্তমানে তাইওয়ানের হাতে ৫ হাজারের কম ড্রোন থাকলেও চীন ব্যাপক হারে ড্রোন উৎপাদন করছে। বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখে তাইওয়ানের এই নতুন বাজেট দেশটিকে সুরক্ষায় কিছুটা স্বস্তি দেবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।