ঢাকা সেনানিবাসের বিভিন্ন হিসাবরক্ষণ কার্যালয় পরিদর্শন করলেন সিএজি
ঢাকা সেনানিবাসের হিসাবরক্ষণ কার্যালয়গুলো পরিদর্শন করেছেন সিএজি মো. নূরুল ইসলাম। এ সময় তিনি সেবা প্রদানকারীদের পেনশনারদের হয়রানি না করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম ঢাকা সেনানিবাসে অবস্থিত একাধিক গুরুত্বপূর্ণ হিসাবরক্ষণ অফিস সরেজমিনে ঘুরে দেখেছেন। গত বুধবার, ২৪ জানুয়ারি, তিনি সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), এফসি (আর্মি) পে-১ ও ২, এফসি (লগ এরিয়া), এসিসিডিএফ (সিভিল) এবং সিসিডিএফ (পেনশন ও ফান্ড) কার্যালয়গুলোতে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে তিনি এই অফিসগুলোর দৈনন্দিন কাজের ধারা, নথিপত্র সংরক্ষণের পদ্ধতি, বিল পাস হওয়ার বর্তমান অবস্থা এবং সেবার মান নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের দক্ষতা বাড়াতে এবং সেবার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
বিশেষ করে সিসিডিএফ (পেনশন ও ফান্ড) অফিসের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার পরিদর্শনের সময় তিনি সেবা নিতে আসা মানুষ এবং দায়িত্বরত কর্মীদের সাথে সরাসরি কথা বলেন।
সেবা প্রদানকারী কর্মীদের উদ্দেশ্যে সিএজি বলেন, পেনশনাররা যেন কোনোভাবেই ভোগান্তির সম্মুখীন না হন। পদমর্যাদার অহংকার না করে সেবাপ্রত্যাশীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত ও সঠিক সেবা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।