রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

1 দিন আগে | আপডেট: 2 ঘন্টা আগে | জাতীয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে তাকে হত্যার নৃশংস ইতিহাস আজও শোকাবহ।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

আজ ১৫ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে এক ভয়াবহ ও বর্বরোচিত হত্যাকাণ্ডের মাধ্যমে সপরিবারে তাকে হত্যা করা হয়।

ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে ঘাতকরা বঙ্গবন্ধু ছাড়াও তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালকে নির্মমভাবে হত্যা করে।

সেদিন ঘাতকের বুলেটে নিহত হন বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক।

একই দিনে হামলা চালানো হয় যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসভবনে। সেখানে শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি প্রাণ হারান। এছাড়া আবদুর রব সেরনিয়াবাত, তার সন্তান বেবি ও আরিফ, নাতি সুকান্ত বাবু, সজীব সেরনিয়াবাত এবং আবদুল নঈম খানকেও হত্যা করা হয়।

সে সময় বিদেশে অবস্থান করায় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান।

আওয়ামী লীগ শাসনামলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো এবং সরকারি ছুটি ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার এই ছুটি বাতিল করে, যা বর্তমানেও কার্যকর রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।