জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী বিক্ষোভ অব্যাহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আজও প্রতিবাদ অব্যাহত রেখেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ক্যাম্পাসে নিপীড়ন বিরোধী মঞ্চ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে জিম্মি করে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে আজও উত্তাল ছিল ক্যাম্পাস। সোমবার বেলা সাড়ে ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে নিপীড়ন বিরোধী পোস্টারিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করেন।
এরপর দুপুরে কলা ও মানবিক অনুষদের সামনে আয়োজিত মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ইব্রাহিম মৃধা হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্ষকদের যারা মদদ দিচ্ছে তাদের চিহ্নিত করতে হবে। তিনি প্রশাসনের কাছে দাবি জানান, অপরাধীদের শাস্তির রায় যেন দ্রুত কার্যকর করা হয়, অন্যথায় কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও এই আন্দোলনে সংহতি জানিয়েছেন। দুপুর ২টায় নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে চলমান পরিস্থিতি নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলি জানান, সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে 'নিপীড়ন বিরোধী মঞ্চ' গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় এই মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, যা ক্যাম্পাসের সব ধরনের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে কাজ করবে।
এদিকে মামলার মূল অভিযুক্ত বহিরাগত মামুন (৪৫) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মুরাদ এখনো পলাতক। নওগাঁর পত্নীতলার বাসিন্দা মামুনের বাবার নাম হাসির উদ্দিন। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, পলাতক আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।