আরাধ্যর মাঝেই আমার পৃথিবী : অভিষেক বচ্চন
নিজের ৪৮তম জন্মদিনে মেয়ে আরাধ্যকে নিয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করলেন অভিষেক বচ্চন। জানালেন, বাবা হওয়ার পর বদলে গেছে তার জীবনের অগ্রাধিকার।
বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্য। তাকে ঘিরেই আবর্তিত হয় এই দম্পতির পৃথিবী।
সম্প্রতি নিজের ৪৮তম জন্মদিনে টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক জানান, আরাধ্যর উপস্থিতিই দিনটিকে তার কাছে অনন্য করে তোলে। তিনি বলেন, 'আরাধ্য আমাদের মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। সে সত্যিই অসাধারণ।' একই সঙ্গে তিনি স্ত্রী ঐশ্বরিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, আরাধ্যকে এমন চমৎকারভাবে গড়ে তোলার পুরো কৃতিত্বই ঐশ্বরিয়ার।
অভিষেক আরও বলেন, বাবা হওয়ার পর তার জীবনের অগ্রাধিকারগুলো সম্পূর্ণ বদলে গেছে। এই অনুভূতির সঙ্গে পৃথিবীর সব বাবা-মা একমত হবেন বলে তিনি বিশ্বাস করেন। কাজের বাইরে জন্মদিন পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করলেও, শুটিং থাকলে তিনি কাজকেই প্রাধান্য দেন।
উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে 'ঢাই আকসার প্রেম কা' সিনেমায় অভিনয়ের সময় ঐশ্বরিয়া ও অভিষেকের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। ২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। এরপর ২০১১ সালের ১৬ নভেম্বর তাদের কোলজুড়ে আসে আরাধ্য। অমিতাভ ও জয়া বচ্চনের ছেলে অভিষেক ১৯৭৬ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।