আরও ৬টি কোম্পানির শেয়ার থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
পুঁজিবাজারে থাকা অবশিষ্ট ১২টি কোম্পানির মধ্যে আরও ৬টির ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত অবশিষ্ট ১২টি কোম্পানির মধ্যে আরও ৬টির ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দর তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিএসইসি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। কমিশন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা, রেনাটা, বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটার ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা ও রেনাটার শেয়ারে বুধবার (৭ ফেব্রুয়ারি) থেকেই কোনো ফ্লোর প্রাইস কার্যকর থাকবে না। অন্যদিকে, বিএটিবিসি, গ্রামীণফোন ও রবি আজিয়াটার ক্ষেত্রে তাদের নিজ নিজ রেকর্ড তারিখ পর্যন্ত এই সীমা বহাল থাকবে এবং রেকর্ড ডেট পার হওয়ার পরদিন থেকে এটি উঠে যাবে।
এখন থেকে এসব কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান সার্কিট ব্রেকার বা দৈনিক মূল্য পরিবর্তনের সর্বোচ্চ সীমা প্রযোজ্য হবে। এদিকে, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, মেঘনা পেট্রলিয়াম, ইসলামী ব্যাংক, কেপিসিএল ও শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারে ফ্লোর প্রাইস আপাতত বহাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলো আগের মতোই থাকবে।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ৩৫টি কোম্পানি ছাড়া বাকি সব শেয়ার থেকে ফ্লোর প্রাইস তুলে নেয় বিএসইসি। পরবর্তীতে ২২ জানুয়ারি আরও ২৩টি কোম্পানিকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়, যার ফলে ফ্লোর প্রাইসের আওতায় থাকা কোম্পানির সংখ্যা কমে ১২টিতে নেমে আসে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।