ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্পের লক্ষ্য পূরণ নিয়ে সংশয় সামরিক কর্তাদের
ইরানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে ট্রাম্পের সামরিক লক্ষ্য অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে উত্তরণের উপায় খুঁজছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। সিএনএনের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন।
জেনারেল কেইন মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কেবল বিমান হামলা যথেষ্ট নাও হতে পারে। বরং সামরিক শক্তি প্রয়োগের বর্তমান কৌশল উল্টো বিপত্তি ডেকে আনতে পারে বলে তিনি সতর্ক করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠকে কেইন সামরিক অভিযানের ঝুঁকি ও সীমাবদ্ধতাগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন।
ট্রাম্প স্থল যুদ্ধের পরিবর্তে আকাশপথে হামলার মাধ্যমে তেহরানকে সমঝোতায় বাধ্য করতে চাইলেও, সামরিক কর্মকর্তাদের একাংশ এর কার্যকারিতা নিয়ে সন্দিহান। এছাড়া মার্কিন অস্ত্রভাণ্ডারে মজুত কমে আসাও পরিকল্পনায় বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ইরানের জ্বালানি অবকাঠামোয় আঘাত হানলে তা উল্টো উপসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এবং ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে করার বদলে বরং ঐক্যবদ্ধ করতে পারে।
বর্তমানে কেইন এমন এক কূটনৈতিক সমাধানের পথ খুঁজছেন, যার মাধ্যমে ট্রাম্প একটি প্রতীকী বিজয় অর্জন করতে পারেন। হরমুজ প্রণালি পুনরায় সচল করার মতো বিষয়গুলোকে এই সমঝোতার ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।