স্মার্ট এনআইডি বিতরণে অপেক্ষায় এখনো এক কোটি ঊনচল্লিশ লাখ
Administrator
বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরণে এখনো ১.৩৯ কোটি কার্ড অপেক্ষমাণ রয়েছে, যার ফলে দেশের ৪০৪টি নির্বাচনি থানার মধ্যে ১১৫টিতে এখনো বিতরণ প্রক্রিয়া শুরু হয়নি।
দেশজুড়ে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো এক কোটি ৩৯ লাখের বেশি কার্ড মাঠপর্যায়ে বিতরণের অপেক্ষায় রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ হিসাব অনুযায়ী, মে মাস পর্যন্ত দেশের বিভিন্ন আঞ্চলিক ও উপজেলা কার্যালয়ে ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮টি স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের হাতে স্মার্টকার্ড পৌঁছেছে, যা মোট প্রেরিত কার্ডের ৮৪ দশমিক ৪ শতাংশ। বাকি ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭টি কার্ড এখনো বিতরণ করা হয়নি।
বুধবার (১ জুলাই) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
ইসির কর্মকর্তারা জানান, স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম ইতোমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলায় সম্পন্ন হয়েছে। তবে দেশের ৪০৪টি নির্বাচনি থানা ও উপজেলার মধ্যে এখনো ১১৫টিতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরুই হয়নি। ফলে এসব এলাকার বিপুলসংখ্যক ভোটার এখনো নতুন প্রজন্মের জাতীয় পরিচয়পত্র হাতে পাননি।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের ১২১তম সভা অনুষ্ঠিত
বর্তমানে নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন। সেই হিসাবে এখনো প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার স্মার্টকার্ডের আওতার বাইরে রয়েছেন। স্মার্টকার্ড বিতরণের গতি বাড়িয়ে এই বিপুলসংখ্যক নাগরিককে দ্রুত সেবার আওতায় আনা নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।