রাষ্ট্রপতির প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির জরুরি বৈঠক আজ
রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার সকালে জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। দলটির চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকের ডাক দিয়েছেন এবং আজই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি সভা আহ্বান করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকের মাধ্যমেই চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতির জন্য বিএনপির মনোনীত প্রার্থী। এরপরই যথাযথ প্রক্রিয়ায় মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন করবে দলটি।
বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সভার সিদ্ধান্ত পরবর্তী সময়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে দলটির নীতিনির্ধারণী পর্যায়ে কয়েকদিন ধরেই চুলচেরা বিশ্লেষণ চলছে। স্থায়ী কমিটির আজকের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ ১৩ আগস্ট। তাই শেষ দিনেই প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।