বিদ্যুৎ ও আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে সংসদ অধিবেশন ডাকতে রাষ্ট্রপতির কাছে জামায়াত আমিরের দাবি
বিদ্যুৎ সংকট ও আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিপর্যয় এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি বিবেচনায় নিয়ে জাতীয় সংসদের একটি জরুরি অধিবেশন আহ্বান করতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির দপ্তরে এই আবেদনপত্র পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়ের কাছেও চিঠির অনুলিপি পৌঁছে দেওয়া হয়েছে বলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে।
চিঠিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং শিল্প ও বাণিজ্যিক খাত চরম সংকটের সম্মুখীন। সেই সঙ্গে নিত্যপণ্যের আকাশচুম্বী দাম এবং আইন-শৃঙ্খলার অবনতি জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।
জনপ্রতিনিধি হিসেবে এমন পরিস্থিতিতে নিশ্চুপ থাকা সম্ভব নয় বলে মত প্রকাশ করেন তিনি। তিনি মনে করেন, বিদ্যমান সংকট নিরসনে জাতীয় সংসদে কার্যকর আলোচনা ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। তাই জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন ডেকে এ বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির প্রতি তিনি জোর আহ্বান জানিয়েছেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।