ফেডারেশন কাপের শেষ আটে জায়গা করে নিল আবাহনী
ফেডারেশন কাপের গ্রুপপর্বে টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড। চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।
স্বাধীনতা কাপে সেমিফাইনাল থেকে ছিটকে পড়া এবং লিগ টেবিলে সুবিধাজনক অবস্থানে না থাকায় আবাহনীর একমাত্র লক্ষ্য এখন ফেডারেশন কাপ। গতবারের রানার্সআপ দলটি এবার টুর্নামেন্টের নকআউট পর্বে নিজেদের জায়গা পাকা করেছে। গেল আসরের ফাইনালে মোহামেডানের কাছে শিরোপা হাতছাড়া করা আকাশী-নীলরা এবার বেশ ছন্দেই আছে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা। গ্রুপপর্বে টানা দুই ম্যাচ জিতেই তারা পরের রাউন্ডের টিকিট কাটল।
ম্যাচটিতে জয়ী দলের তিনটি গোলই এসেছে তিন বিদেশির পা থেকে। প্রথমার্ধের ৪৩ মিনিটে ব্রুনো রোচার গোলে লিড নেয় আবাহনী। দ্বিতীয়ার্ধের শুরুতেই নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ব্যবধান দ্বিগুণ করেন। ৮৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শটে গোল করে জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তারকা ওয়াশিংটন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও পান ওয়াশিংটন।
আগামী ১৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জে গ্রুপপর্বের শেষ ম্যাচে মোহামেডানের মুখোমুখি হবে আবাহনী। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল শুরু করবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।