শনিবার, ১৫ আগস্ট ২০২৬

জ্বালানি তেল আমদানিতে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই: জ্বালানি বিভাগ

6 দিন আগে | আপডেট: 52 মিনিট আগে | জাতীয়
জ্বালানি তেল আমদানিতে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই: জ্বালানি বিভাগ

বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

দেশের জ্বালানি খাতের স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার 'বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬'-এর খসড়া তৈরির কাজ করছে। তবে এই খসড়া নীতিমালাকে ঘিরে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে বাড়তি সুবিধা দেওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শনিবার (৮ আগস্ট) জ্বালানি বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই নীতিমালার মূল উদ্দেশ্য হলো জাতীয় জ্বালানি নিরাপত্তার স্বার্থে বেসরকারি খাতের বিনিয়োগ ও অবকাঠামোকে কাজে লাগানো। সংকটকালীন সময়ে যাতে জ্বালানির কোনো ঘাটতি না হয়, তা নিশ্চিত করাই এর লক্ষ্য।

জ্বালানি বিভাগ জানিয়েছে, খসড়াটি এখনো চূড়ান্ত রূপ পায়নি। অংশীজনদের সাথে আলোচনা ও মতামতের ভিত্তিতেই এটি চূড়ান্ত করা হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনস্বার্থ নিশ্চিত করা গেলে তবেই এটি বাস্তবায়ন করা হবে।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এই নীতিমালা নিয়ে যেসব অনুমাননির্ভর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে, তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বিভাগটি পুনর্ব্যক্ত করেছে যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থ হাসিলের সুযোগ এই নীতিমালায় নেই।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।