কালাইয়ের ৫৪ প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ বছর ধরে নেই ম্যানেজিং কমিটি
জয়পুরহাটের কালাই উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ৫ বছর ধরে নেই কোনো ম্যানেজিং কমিটি। প্রধান শিক্ষকদের স্বেচ্ছাচারিতা ও প্রশাসনিক জটিলতায় নতুন কমিটি গঠন আটকে থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। এখানকার ৫৪টি বিদ্যালয়ে দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে নেই কোনো কার্যকর ম্যানেজিং কমিটি। মেয়াদ শেষ হওয়ার পরও নতুন কমিটি গঠনে কর্তৃপক্ষের অনীহা ও উদাসীনতার কারণে এই দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে মেয়াদোত্তীর্ণ কমিটির সদস্যদের সাথে শিক্ষকদের মতবিরোধের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষকদের স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির কারণে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া আটকে আছে।
নিয়ম অনুযায়ী ১১ সদস্যের কমিটি থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। ফলে সরকারি বরাদ্দের অর্থ ব্যয় নিয়ে প্রধান শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠছে। এছাড়া অনেক বিদ্যালয়ের সভাপতিদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে, যা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী স্নাতক ডিগ্রি হওয়ার কথা। বিধি অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের সুযোগ থাকলেও তা মানা হচ্ছে না।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্থানীয় এমপির মনোনীত শিক্ষানুরাগী সদস্যের নাম না পাওয়ায় কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন কালাইয়ের ইউএনও মো. আবুল হায়াত।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।