শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

হোসেনপুরে সাদেক হত্যা: দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

2 দিন আগে | আপডেট: 1 দিন আগে | সারাদেশ
হোসেনপুরে সাদেক হত্যা: দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জের হোসেনপুরে সাদেক মিয়া হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি চারজনকে খালাস দেওয়া হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

কিশোরগঞ্জের হোসেনপুরে সাদেক মিয়াকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অন্য চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মোহাম্মদ আল মামুন এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদী এলাকার মৃত লাল মিয়ার দুই ছেলে রমজান মিয়া (৩৮) ও ইয়াসিন মিয়া (৩২)। এছাড়া খালাস পাওয়া চারজন হলেন মো. আব্দুল কাদির মিয়া, শাহানা আক্তার, আল আমিন ও মোহাম্মদ আলী।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ ডিসেম্বর বিকেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী দক্ষিণ পুমদি এলাকায় ডেকে নিয়ে সাদেক মিয়াকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৮ ডিসেম্বর নিহতের বড় ভাই কাঞ্চন মিয়া নয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

তদন্তে উঠে আসে, মোহাম্মদ আলীর কাছে সাদেকের ২০ হাজার টাকা পাওনা ছিল। এই টাকা চাওয়া নিয়ে বিবাদের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়। দীর্ঘ তদন্ত শেষে হোসেনপুর থানার তৎকালীন ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শাহ কামাল জানান, বিচারিক প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং বাকিদের খালাস দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।