হোবার্টে রান উৎসবের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাল অস্ট্রেলিয়া
হোবার্টে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৪১৫ রানের এই হাইস্কোরিং ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
টি-টোয়েন্টি ক্রিকেটে চার-ছক্কার লড়াইয়ে হোবার্টের দর্শকদের জন্য এক দুর্দান্ত ম্যাচ উপহার দিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দল মিলিয়ে মোট ৪১৫ রান তোলা এই শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত ১১ রানের জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মিচেল মার্শের দল।
টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার ৩৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ১২টি চার ও একটি ছক্কা। এছাড়া জশ ইংলিশের ব্যাট থেকে আসে ৩৯ রান। শেষদিকে টিম ডেভিডের ১৭ বলে অপরাজিত ৩৭ রানের ক্যামিওতে ৭ উইকেট হারিয়ে ২১৩ রানের বড় সংগ্রহ পায় অসিরা। ক্যারিবীয় বোলারদের মধ্যে আন্দ্রে রাসেল ৩টি ও আলজেরি জোসেফ ২টি উইকেট পান।
জবাবে ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রেন্ডন কিং ও জনসন চার্লসের ব্যাটে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিং ৫৩ ও চার্লস ৪২ রান করে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। নিকোলাস পুরান, শাই হোপ ও রভম্যান পাওয়েল ছোট ছোট ঝড় তুললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষদিকে জেসন হোল্ডার ১৫ বলে অপরাজিত ৩৪ রানের লড়াকু ইনিংস খেললেও ৮ উইকেটে ২০২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাডাম জাম্পা ৪ ওভারে মাত্র ২৬ রান খরচ করে ৩টি উইকেট নিয়ে ম্যাচ জয়ে বড় ভূমিকা পালন করেন। এছাড়া মার্কাস স্টয়নিস নেন ২ উইকেট।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।