রংপুরের ১৮৩ রানের চ্যালেঞ্জের সামনে ঢাকা
বিপিএলের ১৩তম ম্যাচে সিলেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ১৮৩ রানের লড়াকু সংগ্রহ করেছে রংপুর রাইডার্স।
বিপিএলের ১৩তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে রংপুর রাইডার্স ১৮৩ রানের সংগ্রহ গড়েছে। শনিবারের এই লড়াইয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে সোহান-সাকিবের দল এই চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণ করে।
টস জিতে ব্যাটিংয়ে নামা রংপুরের সূচনাটা ছিল বেশ ইতিবাচক। ব্র্যান্ডন কিং ১৩ বলে ২০ রান করে তাসকিন আহমেদের শিকারে পরিণত হন। এরপর রনি তালুকদার দ্রুত ফিরলেও বাবর আজম ও নুরুল হাসান সোহান ইনিংস মেরামতের চেষ্টা করেন। সোহান ২৪ বলে ২৬ রান করে আরাফাত সানির এলবিডব্লিউর ফাঁদে পড়েন।
মোহাম্মদ নবি এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়ে ১ রানেই বিদায় নেন। তবে বাবর আজম এক প্রান্ত আগলে রেখে ৪১ বলে অর্ধশতক পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪৬ বলে ৬২ রানের কার্যকরী ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই পাকিস্তানি তারকা।
ইনিংসের শেষ দিকে আজমতুল্লাহ ওমারজাই ১৫ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেললে দলীয় সংগ্রহ দ্রুত বাড়তে থাকে। শামীম পাটোয়ারীর ৮ বলে ১৭ এবং মাহেদী হাসানের ৫ বলে ৮ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদানে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় রংপুর।
ঢাকার বোলারদের মধ্যে আরাফাত সানি ৩টি উইকেট তুলে নিয়ে সফলতম। এছাড়া তাসকিন, শরিফুল, আলাউদ্দিন বাবু এবং গুণাতিলকা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।