ওয়ানডে ক্রিকেটে লঙ্কানদের প্রথম ডাবল সেঞ্চুরির মালিক নিশাঙ্কা
আফগানিস্তানের বিপক্ষে পাল্লেকেলেতে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশাঙ্কা।
শ্রীলঙ্কার ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন পাথুম নিশাঙ্কা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পাল্লেকেলে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথম লঙ্কান ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থাকা নিশাঙ্কা ১৩৯ বল মোকাবিলা করে ২১০ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ২০টি চার ও ৮টি ছক্কা। মূলত বাউন্ডারি থেকেই তিনি সংগ্রহ করেছেন ১২৮ রান, আর বাকি ৮২ রান এসেছে সিঙ্গেল ও ডাবলস থেকে।
ওয়ানডে ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করা বিশ্বের দশম ব্যাটার এখন নিশাঙ্কা। উল্লেখ্য, ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত মোট ১২টি ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে, যার তিনটিই ভারতের রোহিত শর্মার দখলে।
নিশাঙ্কার এই অবিস্মরণীয় ইনিংসের সুবাদে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা সংগ্রহ করেছে ৩ উইকেটে ৩৮১ রানের বিশাল পুঁজি। উদ্বোধনী জুটিতে আভিষ্কা ফার্নান্ডোর সঙ্গে ১৮২ রান যোগ করেন নিশাঙ্কা। আভিষ্কা ৮৮ বলে ৮৮ রান করে আউট হন এবং সাদিরা সামারাবিক্রমা ৩৬ বলে ৪৪ রান করেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।