অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭৯ রানে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। বেনোনিতে অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে সফল দল ভারত, যারা এর আগে ছয়বার শিরোপা জিতেছে। এবারও তাদের সামনে সুযোগ ছিল ট্রফি জয়ের, কিন্তু শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নরা ব্যর্থ হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) বেনোনিতে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৭৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ২৫৩ রান সংগ্রহ করে, জবাবে ভারত ১৭৪ রানেই গুটিয়ে যায়। এই জয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে চতুর্থবার শিরোপা নিশ্চিত করল।
ফাইনালে ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ার বোলিং তোপের মুখে পড়ে খেই হারিয়ে ফেলেন। দলের সাত ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ওপেনার আদর্শ সিং ৭৭ বলে ৪৭ এবং মুরুগান অভিষেক ৪২ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। অস্ট্রেলিয়ার পক্ষে মাহলি বেয়ার্ডমান ও রাফ ম্যাকমিলান তিনটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই উইকেট হারালেও হ্যারি ডিক্সন (৪২), হাগ ওয়েবগান (৪৮), হারজাস সিং (৫৫) ও লিভার পিয়াকের (৪৬) দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে তোলে। যদিও তাদের কেউই খুব দ্রুত রান তোলেননি, তবুও সম্মিলিত প্রচেষ্টায় তারা ভারতকে চাপে ফেলে দেয়।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।