সাভারে পরিত্যক্ত প্রেশার কুকার থেকে বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল
সাভারের সাধাপুরে মসজিদের মাঠ থেকে পরিত্যক্ত ড্রামে বোমা সদৃশ প্রেশার কুকার উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে পুলিশ।
সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের মাঠে পরিত্যক্ত অবস্থায় পাওয়া নীল রঙের ড্রাম থেকে বোমা সদৃশ প্রেশার কুকার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং পরবর্তীতে বোমা নিষ্ক্রিয়কারী দল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি ধ্বংস করে।
বুধবার (১২ আগস্ট) সকালে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এটি ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকায় অবস্থিত।
স্থানীয়দের ভাষ্যমতে, সকালের দিকে মসজিদের মাঠে একটি নীল প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। ড্রামটি তল্লাশি করে ভেতরে কোরআন শরিফ, কিছু কাপড় এবং একটি প্রেশার কুকার পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, রাতের অন্ধকারে অজ্ঞাত তিন ব্যক্তি ড্রামটি সেখানে রেখে গেছে।
ঘটনাস্থলে পৌঁছে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।
ঢাকা থেকে আসা বোমা বিশেষজ্ঞ দল বিকেল পৌনে চারটার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রেশার কুকারটি নিরাপদ বিস্ফোরণ ঘটায়। এ সময় স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
বিস্ফোরণের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও, কারা এবং কী উদ্দেশ্যে এই ড্রাম সেখানে ফেলে রেখে গিয়েছিল, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।