বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

4 সপ্তাহ আগে | আপডেট: 4 ঘন্টা আগে | সারাদেশ

Administrator

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা প্রায় ৩ ঘণ্ট…

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা প্রায় ৩ ঘণ্টার যৌথ প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ কাপড় ও মূল্যবান কাঁচামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে ওই কারখানার ফ্যাব্রিক্স গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো গুদামে ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক দেখা দেয়।

স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা জানান, ভোরের দিকে গুদামটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই আগুন বড় রূপ নেয়। গুদামে বিপুল পরিমাণ কাপড় ও দাহ্য রাসায়নিকজাতীয় উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

আগুনের খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে আশপাশের আরও ৪টি স্টেশন থেকে একে একে আরও ৮টি ইউনিটকে উদ্ধারকাজে যুক্ত করা হয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নির্বাপণে বর্তমানে সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে।

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে গুদামে থাকা প্রচুর পরিমাণ কাপড় ও মালামাল পুড়ে গেছে। গুদামের কোনো কেমিক্যাল থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষেই আগুন লাগার প্রকৃত কারণ ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।