অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ সেরা পাকিস্তান
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে নিজেদের গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হলো পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার বাফলো পার্কে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি পাকিস্তান। কিউইদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি। ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান বোলারদের তোপের মুখে ৩৮ ওভারে মাত্র ১৪০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই মাত্র ২৫.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে পাকিস্তান। অন্যদিকে, তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলো নিউজিল্যান্ড। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া কিউই ব্যাটারদের চাপে ফেলে দেন পাকিস্তানি বোলাররা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন লাচলান স্টাকপোল। নিউজিল্যান্ডের সাতজন ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। পাকিস্তানের হয়ে উবাইদ শাহ ও আরাফাত মিনহাস তিনটি করে উইকেট নেন এবং নাভিদ আহমেদ খান দুটি উইকেট শিকার করেন। লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার শ্যামল হুসেন ও শাহজাইব খান অনায়াসে জয় তুলে নেন। শ্যামল ৫৪ এবং শাহজাইব ৮০ রানে অপরাজিত থাকেন। শাহজাইব তার ইনিংসে ১০টি চার ও ৩টি ছক্কা হাঁকান, অন্যদিকে শ্যামল ৬টি চার ও ২টি ছক্কা মারেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।