সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ
Abir
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও স্মরণসভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সে মারা যান তিনি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে জাতীয় পার্টি। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দিনব্যাপী বিভিন্ন স্থানে কোরআন তেলাওয়াত, এরশাদের ভাষণ প্রচার এবং স্মরণমূলক কর্মসূচি পালন করা হচ্ছে।
রংপুর নগরীর দর্শনা এলাকার পল্লী নিবাসে এরশাদের সমাধি চত্বরে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন।
দলের নেতারা জানান, এরশাদের রুহের মাগফেরাত কামনায় কেন্দ্র থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পৃথক কর্মসূচির আয়োজন করেছে।
হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ছিলেন। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। তাঁর শাসনামলে উপজেলা ব্যবস্থা চালু, অবকাঠামো উন্নয়ন ও ওষুধ নীতিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।