শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সুদভিত্তিক নয়, জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াত এমপির

1 মাস আগে | আপডেট: 1 সপ্তাহ আগে | রাজনীতি

Administrator

সুদভিত্তিক নয়, জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াত এমপির

বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি পরিচালনা সম্ভব। এজন্য সুদভিত্তিক অর্থনীতির 'কবর রচনা' করে জাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস…

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি পরিচালনা সম্ভব। এজন্য সুদভিত্তিক অর্থনীতির 'কবর রচনা' করে জাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মো. মুজিবুর রহমান।

একই সঙ্গে বিভিন্ন মাজহাবের আলেমদের সমন্বয়ে একটি কমিটি গঠন এবং পৃথক জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠারও প্রস্তাব দেন তিনি।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মুজিবুর রহমান।

তিনি কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথাও উল্লেখ করেন।

মুজিবুর রহমান দাবি করেন, বাংলাদেশে সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা চালুর একটি উদ্যোগ ইসলামী ব্যাংক নিয়েছিল। তবে 'শকুনের দৃষ্টি' ওই ব্যাংকের ওপর পড়ায় সেটি এখন ধ্বংসের পথে।

পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে তিনি সুদের ক্ষতিকর দিক তুলে ধরেন।

তিনি বলেন, আল্লাহ তায়ালা সুদকে ধ্বংস করেন এবং জাকাত ও সদকাকে বৃদ্ধি করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ টেনে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, মালয়েশিয়ায় সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে জাকাতভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চলছে।

এছাড়া ইরান, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও পাকিস্তানও সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের কার্যক্রম সফলভাবে চলার সময় দেশের প্রচলিত ব্যাংকগুলোও ইসলামিক ব্যাংকিং কাউন্টার চালু করেছিল। এটি প্রমাণ করে, বাংলাদেশে সুদ ছাড়াও অর্থনীতি পরিচালনা করা সম্ভব।

মুজিবুর রহমানের দাবি, দেশে সঠিকভাবে জাকাত আদায় নিশ্চিত করা গেলে বছরে প্রায় দুই লাখ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব। এজন্য একটি পৃথক জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে।

বাজেট আলোচনায় 'কৃষক কার্ড' ও 'ফ্যামিলি কার্ড'-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষ কার্ড নয়, কর্মসংস্থান চায়। কর্মসংস্থান সৃষ্টি করেই দারিদ্র্য দূর করা সম্ভব।

এ ছাড়া সরকারি উদ্যোগে স্কুলশিক্ষার্থীদের জুতা ও পোশাক বিতরণের কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা, সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষককে এমপিওভুক্ত করা এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, ভাতা ও অন্যান্য অধিকার নিশ্চিত করারও দাবি জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।