সীতাকুণ্ডে চলন্ত মহানগর এক্সপ্রেসের ১৪ বগি বিচ্ছিন্ন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের ইঞ্জিন থেকে সীতাকুণ্ডে ১৪টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি বড় ধরণের এক বিপর্যয় থেকে অল্পের জন্য বেঁচে গেছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সীতাকুণ্ডের উত্তর এয়াকুব নগর এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন থেকে ১৪টি বগি আলাদা হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।
ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, সীতাকুণ্ড এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। ইঞ্জিনের বাফার বা ক্লিপ ভেঙে যাওয়ার ফলে বগিগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। চালক তাৎক্ষণিক বিষয়টি বুঝতে না পারায় ইঞ্জিনটি প্রায় ৫০০ গজ এগিয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে ট্রেন থামিয়ে দেওয়া হয়। এ ঘটনায় যাত্রীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর বগিগুলো পুনরায় ইঞ্জিনের সঙ্গে যুক্ত করা হলে বিকেল ৫টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তিনি আরও জানান, এই সময়ে বিকল্প পথে রেল যোগাযোগ স্বাভাবিক ছিল।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।