শিক্ষা প্রতিষ্ঠান যেন মুনাফা অর্জনের কেন্দ্র না হয়: বদিউজ্জামান সোহাগ
বাগেরহাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমপি বদিউজ্জামান সোহাগ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক করার সুযোগ নেই, এটি মানুষ গড়ার কারিগর।
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এবং ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, নতুন প্রজন্মের মেধা ও মননশীলতা গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।
রোববার (২১ জানুয়ারি) বিকেলে মোরেলগঞ্জে অনুষ্ঠিত ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান এবং পৌরসভার মেয়র এসএম মনিরুল হক তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বদিউজ্জামান সোহাগ সতর্ক করে দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে কোনোভাবেই বাণিজ্যিক রূপ দেওয়া যাবে না। কারণ এখান থেকেই দেশের যোগ্য ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে ওঠে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।