শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বুধবার থেকে পুঁজিবাজারে যাত্রা শুরু সিকদার ইন্স্যুরেন্সের

2 বছর আগে | আপডেট: 6 দিন আগে | জাতীয়
বুধবার থেকে পুঁজিবাজারে যাত্রা শুরু সিকদার ইন্স্যুরেন্সের

আইপিওর মাধ্যমে ১৬ কোটি টাকা সংগ্রহ করা সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন আগামী বুধবার থেকে শুরু হচ্ছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

পুঁজিবাজারে নতুন করে যুক্ত হচ্ছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আইপিওর মাধ্যমে ১৬ কোটি টাকা সংগ্রহ করা এই বিমা কোম্পানিটির শেয়ার লেনদেন আগামী বুধবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটি 'এন' ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছে। ডিএসইতে সিকদার ইন্স্যুরেন্সের ট্রেডিং কোড হলো 'এসআইসিএল' এবং কোম্পানি কোড ২৫৭৫৮। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদের ট্রেডিং কোড ১১০৪৮।

এর আগে গত ১০ জানুয়ারি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে সফল আবেদনকারীদের বিও অ্যাকাউন্টে শেয়ার হস্তান্তর সম্পন্ন করা হয়েছে। আইপিও প্রক্রিয়ায় ১৬ কোটি টাকার বিপরীতে বিনিয়োগকারীদের পক্ষ থেকে ২৭২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকার আবেদন জমা পড়েছিল, যা চাহিদার তুলনায় অনেক বেশি। বরাদ্দের ক্ষেত্রে নিবাসি বাংলাদেশিরা প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে ৪২টি এবং অনিবাসি বাংলাদেশিরা ১০৫টি শেয়ার পেয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৮৮২তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন পায়। ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করেছে। এর আগে গত ২৬ এপ্রিল সিআইবি প্রতিবেদন সন্তোষজনক না হওয়ায় কোম্পানিটির আবেদন প্রত্যাখ্যান করেছিল বিএসইসি। সর্বশেষ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৮.৭৩ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.২২ টাকা।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।