বিশ্বের আলোড়ন তোলা আলোচিত যত বিবাহবিচ্ছেদ
সম্পদ বা খ্যাতি কোনোটিই দাম্পত্য জীবনের নিশ্চয়তা দিতে পারে না। শোয়েব-সানিয়া থেকে শুরু করে বিল গেটস বা জেফ বেজোসের মতো প্রভাবশালী ব্যক্তিদের বিচ্ছেদ সেই বাস্তবতাই সামনে নিয়ে এসেছে।
অঢেল সম্পদ কিংবা বিলাসবহুল জীবন দিয়ে দাম্পত্য জীবনের স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক বোঝাপড়া ও মানসিক মিল। মানসিক দূরত্বের কারণে মধুর সম্পর্কও তিক্ত হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের দিকে ধাবিত হয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এমন আরও কিছু হাইপ্রোফাইল বিচ্ছেদের ঘটনা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন।
ভারত ও পাকিস্তানের চিরবৈরী সম্পর্কের বাধা পেরিয়ে শোয়েব ও সানিয়ার বিয়ে ছিল এক সময়কার বড় চমক। তবে সেই প্রেম স্থায়ী হয়নি। তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোয়েব মালিক সানিয়াকে কত টাকা খোরপোশ দিচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সানিয়ার সম্পদের পরিমাণ ২১৬ কোটি রুপি এবং শোয়েবের ২৩০ কোটি রুপি। দুই ক্রীড়াতারা সমৃদ্ধ হওয়ায় তাঁদের বিচ্ছেদ ক্রীড়াঙ্গনে বেশ আলোড়ন তুলেছে।
বিগত বছরগুলোর অন্যতম আলোচিত বিচ্ছেদ ছিল দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম ও প্রিন্সেস হায়া বিনতে আল হোসেইনের। বিচ্ছেদের রায়ে ব্রিটিশ হাইকোর্ট জর্ডানের সাবেক রাজার কন্যা প্রিন্সেস হায়াকে এককালীন ২৫ কোটি ১৫ লাখ পাউন্ড দেওয়ার নির্দেশ দেন, যা সব মিলিয়ে প্রায় ৫০ কোটি পাউন্ডে দাঁড়ায়। শেখ মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং ঘোড়দৌড় জগতের প্রভাবশালী ব্যক্তি। তাঁর ষষ্ঠ স্ত্রী হায়া ২০১৯ সালে দুই সন্তান নিয়ে ব্রিটেনে আশ্রয় নেন।
প্রিন্সেস হায়া এক ব্রিটিশ দেহরক্ষীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন—এমন সন্দেহে শেখ মোহাম্মদ 'তুমি বেঁচে ছিলে, তুমি মরে গেছো' শিরোনামে একটি কবিতা লিখেছিলেন, যা হুমকি হিসেবে বিবেচিত হয়েছিল। হায়ার অভিযোগ, ব্রিটেনে যাওয়ার পরও তিনি হুমকি পেয়েছেন, যদিও শেখ মোহাম্মদ তা অস্বীকার করেছেন।
২০২১ সালের ৩ মে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটসের ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা বিশ্বকে বিস্মিত করে। তবে বিচ্ছেদের পরও তাঁরা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে জনহিতকর কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। গেটস ফাউন্ডেশনের সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার এবং বিল গেটসের নিজস্ব সম্পদ প্রায় ১৩ হাজার ৫০ কোটি ডলার।
২০১৯ সালে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ম্যাকেঞ্জি স্কটের ২৫ বছরের সংসার ভাঙার খবরটিও ছিল বেশ আলোচিত। বিচ্ছেদের পর ম্যাকেঞ্জি ৩৬ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পান, যা তাঁকে বিশ্বের অন্যতম ধনী নারীতে পরিণত করে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।