শনিবার, ১৫ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে ডুবোচরে আটকাল লঞ্চ, পরে ডুবল ট্রলার

1 মাস আগে | আপডেট: 1 সপ্তাহ আগে | জাতীয়

Abir

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে ডুবোচরে আটকাল লঞ্চ, পরে ডুবল ট্রলার

বরিশালে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ ও মতবিনিময় কর্মসূচিতে যাওয়ার পথে হিজলায় নেতাকর্মীবোঝাই একটি লঞ্চ মেঘনার শাখা নদীতে ডুবোচরে আটকা পড়ে। পরে উদ্ধার করতে গিয়ে অতিরিক্ত যাত্রীর চাপে একটি ট্রলার ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

বরিশালে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ ও মতবিনিময় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে হিজলা উপজেলায় নেতাকর্মীবোঝাই একটি লঞ্চ ডুবোচরে আটকে যায়। পরে লঞ্চে থাকা যাত্রীদের উদ্ধার করতে গিয়ে অতিরিক্ত যাত্রী ওঠার কারণে একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় মেঘনা নদীর একটি শাখা নদীতে এ ঘটনা ঘটে।

হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল জানান, অভ্যন্তরীণ রুটের ‘এমভি অভিযান-৫’ লঞ্চে করে হিজলা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বরিশাল শহরে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন।

লঞ্চটি উপজেলার দুটি ঘাট থেকে নেতাকর্মীদের নিয়ে পুরাতন হিজলা লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। ঘাটের কাছাকাছি পৌঁছানোর সময় লঞ্চটি নদীর একটি ডুবোচরে আটকে যায়।

পরে লঞ্চে আটকে থাকা নেতাকর্মীদের ঘাটে নিয়ে আসার জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা লঞ্চের পাশে যায়। এ সময় লঞ্চ থেকে একসঙ্গে অতিরিক্ত যাত্রী ট্রলারে উঠে পড়লে সেটিতে পানি ঢুকে ডুবে যায়।

তবে দ্রুত সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। পরে নেতারা স্পিডবোটে করে বরিশাল নগরীতে পৌঁছে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন।

হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, ডুবোচরে লঞ্চ আটকে যাওয়ার পর যাত্রীদের উদ্ধারে যাওয়া একটি নৌকা অতিরিক্ত যাত্রীর কারণে ডুবে যায়। তবে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমের কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।