নেইমারের বিরুদ্ধে পিতৃত্বের দাবি তুললেন হাঙ্গেরিয়ান মডেল
ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমারের বিরুদ্ধে পিতৃত্বের দাবিতে সাও পাওলোর আদালতে মামলা করেছেন হাঙ্গেরির সাবেক মডেল গ্যাব্রিয়েলা গাসপার।
মাঠের বাইরে ইনজুরির সঙ্গে লড়াই করছেন নেইমার জুনিয়র। আল হিলাল বা ব্রাজিল—কোথাও এখন তার সরব উপস্থিতি নেই। আসন্ন কোপা আমেরিকাতেও তাকে দেখা যাবে না। এরই মধ্যে নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছেন এই তারকা। হাঙ্গেরির সাবেক মডেল গ্যাব্রিয়েলা গাসপার দাবি করেছেন, নেইমার তার ১০ বছর বয়সী মেয়ের বাবা। এই দাবির সত্যতা যাচাইয়ে তিনি সাও পাওলোর আদালতে মামলা করেছেন।
গ্যাব্রিয়েলার আইনজীবী অ্যাঞ্জেলো কার্বন জানান, তারা ডিএনএ পরীক্ষার মাধ্যমে পিতৃত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিপূরণ বাবদ ২ মিলিয়ন রিয়াল দাবি করা হয়েছে। আদালত আবেদন গ্রহণ করলে নেইমারকে ডিএনএ নমুনার পরীক্ষায় অংশ নিতে হবে। ফলাফল বিপক্ষে গেলে নেইমারকে আর্থিক ক্ষতিপূরণ ও সন্তানের দায়িত্ব নিতে হতে পারে।
গ্যাব্রিয়েলার ভাষ্যমতে, ২০১৩ সালে বলিভিয়া ও ব্রাজিলের মধ্যকার প্রীতি ম্যাচের সময় তাদের পরিচয় হয়। স্বল্প সময়ের সেই সাক্ষাতের পর তাকে দ্রুত হাঙ্গেরি ফিরে যেতে হয়েছিল। তিনি জানান, সন্তান সম্ভবা হওয়ার বিষয়টি নেইমার ও তার পরিবারকে জানানো হয়েছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।
গ্যাব্রিয়েলা আরও বলেন, বারবার চেষ্টা করেও নেইমারের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনি এখন গণমাধ্যমের দ্বারস্থ হয়েছেন। তার মেয়ে জ্যাজমিন জানে নেইমারই তার বাবা। জ্যাজমিন তার বাবাকে টিভিতে দেখে এবং তাকে সামনাসামনি দেখার স্বপ্ন দেখে। গ্যাব্রিয়েলার দাবি, জ্যাজমিনের চেহারায় ও আচরণে নেইমারের ছাপ স্পষ্ট, এমনকি সে ফুটবলকেও ভীষণ ভালোবাসে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।