দুই দিন আগেই মুসল্লিদের পদচারণায় সরব ইজতেমা ময়দান
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দুই দিন আগে থেকেই টঙ্গীর ময়দানে মুসল্লিদের ঢল নেমেছে।
আগামী শুক্রবার, ২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তবে আনুষ্ঠানিক শুরুর দুই দিন আগে থেকেই দেশের নানা প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ময়দান এখন মুখরিত।
বুধবার সরেজমিনে লক্ষ্য করা যায়, ইজতেমা মাঠের অধিকাংশ স্থান ইতিমধ্যে মুসল্লিদের দখলে। কেউ সময় কাটাচ্ছেন কোরআন তিলাওয়াতে, কেউবা নামাজ ও জিকির-আজকারে মশগুল রয়েছেন।
ভোলা থেকে আসা মুসল্লি আবুল কালাম জানান, প্রতিবারের ধারাবাহিকতায় এবারও তিনি ইজতেমায় অংশ নিয়েছেন। তার মূল লক্ষ্য হলো দ্বীনি জ্ঞান অর্জন করে ইসলামের আলোকে নিজের জীবন সাজানো। কুমিল্লার লাকসাম থেকে আসা সাইফুল ইসলামের মতে, গতবারের তুলনায় এবারের ব্যবস্থাপনা অনেক বেশি সুশৃঙ্খল এবং নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে।
ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানান, ময়দানের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। ইতিমধ্যে বিদেশি অতিথিরাও আসতে শুরু করেছেন এবং গতবারের মতো এবারও প্রচুর মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, ইজতেমায় আগতদের জন্য বিশুদ্ধ পানি ও নিরাপদ খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম সার্বক্ষণিক তদারকি করবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।