তনু হত্যা মামলা: হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
তনু হত্যা মামলায় অভিযুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের (৫২) জামিনাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে পুলিশকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে গত ২ আগস্ট হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। সেই আদেশের প্রেক্ষিতে গত ৪ আগস্ট তিনি কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে। বৃহস্পতিবার চেম্বার আদালতে বিশেষ অনুমতির মাধ্যমে শুনানিটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর তদন্তের পর চলতি বছরের ২২ এপ্রিল পিবিআই হাফিজুর রহমানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে। তনু হত্যাকাণ্ডের পর ডিএনএ পরীক্ষার প্রতিবেদনের ওপর ভিত্তি করে তাকে এই মামলায় আসামি করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।