শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্বজনদের কর্মসংস্থানের ব্যবস্থা

5 দিন আগে | আপডেট: 22 ঘন্টা আগে | জাতীয়
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্বজনদের কর্মসংস্থানের ব্যবস্থা

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের কর্মসংস্থানের নিয়োগপত্র হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

জুলাই ২০২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানো ও মারাত্মকভাবে আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই নিয়োগপত্র প্রদান করা হয়।

নিয়োগপত্রপ্রাপ্তরা হলেন—শহিদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহিদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহিদ মো. আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার, শহিদ মো. মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার, শহিদ মো. জুয়েলের স্ত্রী সুমাইয়া আক্তার সুবর্ণা, শহিদ মিরাজের বোন সামিয়া ইসলাম পপি, শহিদ আহসান কবিরের স্ত্রী হাফিজা আক্তার হ্যাপি এবং শহিদ ওমর নুরুল আবছারের স্ত্রী ফারজানা আক্তার রাণী। এছাড়া আহত মো. আব্দুল মতিনের স্ত্রী সাবানা আক্তার এবং আহত মো. জুলফিকার আলমের স্ত্রী আরজু আক্তারও নিয়োগপত্র পেয়েছেন।

এর আগে শহিদ আব্দুল্লাহ বীন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা এবং আহত সোহেলি তামান্না চাকরিতে যোগ দিয়েছেন, যারা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ দেশের প্রতিটি অর্জনের মূল লক্ষ্য ছিল একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন। তিনি বলেন, আপনাদের বা আপনাদের স্বজনদের আত্মত্যাগের ফলেই আজ দেশবাসী মুক্ত পরিবেশে শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাস্তবতার নিরিখে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। আমরা দেশকে কী দিতে পারলাম, সেটিই বড় কথা। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন। নিয়োগপত্র পেয়ে স্বজনরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।