জানুয়ারির ২৬ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছাড়াল ১৯ হাজার কোটি টাকা
চলতি জানুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রায় ১৯ হাজার ৩৫২ কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে, যা আগের মাসগুলোর তুলনায় ইতিবাচক।
দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে অব্যাহতভাবে বাড়ছে প্রবাসী আয়। চলতি জানুয়ারি মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৭৬ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ডলার। প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা বিনিময় হার বিবেচনায় এই অর্থের পরিমাণ ১৯ হাজার ৩৫২ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের গত ২৮ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, জানুয়ারি মাসের ২৬ দিনে আসা এই রেমিট্যান্সের দৈনিক গড় হার প্রায় ৬ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ৬১৫ ডলার। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জানুয়ারি কিংবা ডিসেম্বরের তুলনায় প্রবাসী আয়ের এই প্রবাহ বেশ শক্তিশালী। উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে দৈনিক গড় রেমিট্যান্স ছিল ৬ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ডলার এবং ডিসেম্বরে তা ছিল ৬ কোটি ৬৩ লাখ ২৯ হাজার ডলার।
জানুয়ারির ২৬ দিনে আসা মোট রেমিট্যান্সের খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বেসরকারি খাতের ব্যাংকগুলো সবচেয়ে বেশি ১৫৭ কোটি ৯৪ লাখ ১০ হাজার ডলার সংগ্রহ করেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর হাত ধরে এসেছে ৫২ লাখ ৬০ হাজার ডলার।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।