গাজায় ইসরায়েলি আগ্রাসন: নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়ালো
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযানের ভয়াবহতা বেড়েই চলেছে। রোববার (২১ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সেখানে নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানান, গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত ১৭৮ জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছে তিন শতাধিক মানুষ। সব মিলিয়ে বর্তমানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১০৫ জনে। এছাড়া আহত ফিলিস্তিনির সংখ্যা ৬২ হাজার ৬৮১ জন। মন্ত্রণালয়ের তথ্যমতে, হতাহতদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।
আল-কিদরা আরও উল্লেখ করেন, অনেক এলাকা ধ্বংসস্তূপের নিচে মানুষ চাপা পড়ে আছে এবং চিকিৎসা সুবিধার অভাবে অসংখ্য মানুষ ধুঁকে ধুঁকে মারা যাচ্ছেন।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাসের সঙ্গে লড়াইয়ে এ পর্যন্ত তাদের ১৯৫ জন সেনা নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, হামাস নির্মূল এবং জিম্মিদের উদ্ধার না করা পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।