বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বিরোধী দলের ওয়াকআউট, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া জবাব

1 মাস আগে | আপডেট: 52 মিনিট আগে | জাতীয়

Abir

বিরোধী দলের ওয়াকআউট, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া জবাব

সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধনের সাংবিধানিক ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের এবং এজন্য বিশেষ কমিটি গঠন প্রয়োজনীয়।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১৭ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদে এখনো কোনো সদস্যের নাম প্রস্তাব না করায় সেগুলো শূন্য রাখা হয়েছে।

কমিটি গঠনের প্রতিবাদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন। তারা দাবি করেন, সংবিধান সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে নতুন সংসদীয় কমিটি গঠন গ্রহণযোগ্য নয়।

সোমবার (১৩ জুলাই) রাতে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতা পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে গঠিত কমিটিতে আপাতত ১২ জন সদস্য রাখা হয়েছে। বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি আসন পরবর্তীতে পূরণ করা হবে বলে জানানো হয়।

এর আগে আইনমন্ত্রী আসাদুজ্জামান ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তবে বিরোধী দল নীতিগত কারণে কমিটিতে কোনো সদস্য না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে পাওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন না করে নতুন সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। তিনি দাবি করেন, বিরোধী দলের সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন।

তিনি আরও বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান জানাতেই তারা কমিটিতে অংশ না নেওয়ার পাশাপাশি সংসদ থেকেও ওয়াকআউট করছেন।

পরে বিরোধী দলের ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সংবিধান সংশোধনের ক্ষমতা জাতীয় সংসদের এবং বিদ্যমান সাংবিধানিক কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে পৃথক শপথ নেওয়ার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তফসিলের বাইরে অতিরিক্ত কোনো শপথ আইনগতভাবে কার্যকর নয়।

তিনি জানান, নবগঠিত বিশেষ কমিটি বিচার বিভাগ, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, গণমাধ্যম প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সুপারিশ তৈরি করবে। পরে সেই সুপারিশের ভিত্তিতে জাতীয় সংসদে সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে সংসদে ফিরে এসে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থে একটি গ্রহণযোগ্য সংবিধান সংশোধনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।