শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিতর্কের পর দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

1 মাস আগে | আপডেট: 1 সপ্তাহ আগে | সাধারণ

Abir

বিতর্কের পর দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সংশ্লিষ্টদের প্রতি দুঃখ প্রকাশ করেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

ঢাকা, ১৪ জুলাই: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তার ব্যক্তিগত মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।” এ সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তার দুঃখ প্রকাশকে স্বাগত জানান।

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন স্থানে দুর্ভোগ সৃষ্টি হলেও শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা এক বা দুই দিন পিছিয়ে দেওয়া হয়নি কেন।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের ৬৪ জেলায় প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে পর্যায়ক্রমে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়।

তিনি জানান, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগের দিন বিকেল ৫টা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা ও উপজেলা প্রশাসন এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক মতামতের ভিত্তিতেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রী আরও বলেন, পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাঠে পানি জমে যাওয়ার খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে পরীক্ষার্থীদের নৌকায় করে কলেজ ভবনে নিয়ে গিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়।

তিনি জানান, এক পরীক্ষার্থীর পোশাক ভিজে যাওয়ায় তাকে পোশাক পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। ওই কেন্দ্রে পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু হলেও পরীক্ষার্থীদের পূর্ণ সময় নিশ্চিত করতে অতিরিক্ত এক ঘণ্টা সময় দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী দাবি করেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র ছাড়া দেশের অন্য কোথাও প্রাকৃতিক দুর্যোগের কারণে এইচএসসি পরীক্ষা গ্রহণে উল্লেখযোগ্য কোনো সমস্যা হয়নি বলে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।