রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক তৎপরতা বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের মনোযোগ ধরে রাখতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।
রোহিঙ্গা সংকটের বিষয়টি যাতে আন্তর্জাতিক মহলের আলোচনার টেবিলে সব সময় গুরুত্ব পায়, সেজন্য অস্ট্রেলিয়াকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। জুলিয়ান হিল বর্তমানে দেশটির নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের নিজ দেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই এই দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র টেকসই সমাধান। তিনি আরও উল্লেখ করেন, রোহিঙ্গা সমস্যার সমাধান শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সামগ্রিক আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার স্বার্থেও অত্যন্ত জরুরি।
আন্তঃদেশীয় অভিবাসন, মানবপাচার রোধ ও রোহিঙ্গা ইস্যুসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে দুই নেতার মধ্যে আন্তরিক আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়াকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে আখ্যায়িত করে বলেন, ভবিষ্যতে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে।
এ সময় নতুন আইন ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬’-এর প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী জানান, অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জবাবে জুলিয়ান হিল এই আইনের ভূয়সী প্রশংসা করেন এবং এর বাস্তবায়নে কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত জুনে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা দ্রুত বাস্তবায়নে উভয় দেশ একমত হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।