রিসোর্টে কলেজছাত্রীর সঙ্গে রাতযাপন, চাপে পড়ে বিয়ে করলেন ওসি
গাজীপুরের রাজেন্দ্রপুরের গ্রীন শালবন রিসোর্টে কলেজছাত্রীকে নিয়ে রাতযাপনের ঘটনায় চাপের মুখে বিয়ে করলেন জয়দেবপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম।
গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি রিসোর্টে কলেজছাত্রীকে নিয়ে অবস্থানের ঘটনায় তোলপাড়ের মুখে বিয়ে করতে বাধ্য হলেন জয়দেবপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম। বুধবার রাতে রাজেন্দ্রপুরের গ্রীন শালবন রিসোর্টে এই ঘটনা ঘটে।
সূত্র বলছে, জাতীয় নির্বাচনের আগে জয়দেবপুর থানায় যোগ দেওয়া এই কর্মকর্তা এর আগে মানিকগঞ্জে কর্মরত ছিলেন। মানিকগঞ্জে থাকাকালীনই ওই কলেজছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ছাত্রীর অন্যত্র বিয়ের কথাবার্তা চূড়ান্ত হলে ওসি তাকে প্রলোভন দেখিয়ে জয়দেবপুরে নিয়ে আসেন এবং ১০-১২ দিন ধরে রিসোর্টে আটকে রাখেন।
ভুক্তভোগী তরুণী বাড়ি ফিরতে অস্বীকৃতি জানালে ওসি তাকে ভয়ভীতি দেখান। বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রিসোর্টে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে এসপি কার্যালয়ে নিয়ে আসেন। এরপর ওসির প্রথম স্ত্রী এবং ছাত্রীর পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমঝোতার চেষ্টা চলে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে ১০ লাখ টাকা দেনমোহরে ওসির সঙ্গে ওই ছাত্রীর বিয়ে সম্পন্ন হয়।
ঘটনার পর ওসিকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। অভিযুক্ত ওসি দাবি করেছেন, দুই মাস আগেই তাদের বিয়ে হয়েছে এবং বাসা না পাওয়ায় রিসোর্টে রেখেছিলেন। পুলিশ সুপার কাজী সফিকুল আলম জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন এবং সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।