বিনিয়োগকারীদের জন্য নতুন মিউচ্যুয়াল ফান্ড আনল থ্রি-আই এএমসিএল
থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ২৫ কোটি টাকার নতুন একটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড বাজারে আনছে, যার আবেদন শুরু হবে ২১ জানুয়ারি থেকে।
নতুন প্রজন্মের সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড 'থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড' নামে ২৫ কোটি টাকার একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের যাত্রা শুরু করেছে। এই ফান্ডটির উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠানটি নিজেই ১০ শতাংশ মূলধন সরবরাহ করছে।
আগামী ২১ জানুয়ারি, রোববার থেকে এই ফান্ডের সাবস্ক্রিপশন বা আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৬ মার্চ পর্যন্ত। শনিবার রাজধানীর পল্টনের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানির এমডি ও সিইও ইস্তাক আহমেদ শিমুল এ তথ্য নিশ্চিত করেন।
ইস্তাক আহমেদ শিমুল বলেন, বাজারের সাম্প্রতিক অস্থিরতার মধ্যেও আমাদের প্রতিষ্ঠান বিগত তিন বছরে গড়ে ৩৫ দশমিক ৭১ শতাংশ মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। এর মধ্যে ২০২০-২১ অর্থবছরে ৫৪ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ২৪ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ১৬ শতাংশ এবং সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৩১ শতাংশ রিটার্ন অর্জিত হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় বিনিয়োগকারীদের ডাবল ডিজিট লভ্যাংশ দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। তিনি আরও জানান, বিনিয়োগকারীরা কেবল ইউনিটধারী নয়, বরং কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবেই গণ্য হবেন।
ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান হিসেবে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। গত বছরের ১২ সেপ্টেম্বর এই ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়েছিল। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। সাধারণ বিনিয়োগকারীরা ন্যূনতম ৫ হাজার টাকা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সর্বনিম্ন ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন। এছাড়া অর্জিত বার্ষিক মুনাফার ৭০ শতাংশ বিনিয়োগকারীদের লভ্যাংশ হিসেবে প্রদানের প্রতিশ্রুতি রয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।