টঙ্গীর ইজতেমা ময়দান এখন মুসল্লিদের পদচারণায় মুখরিত
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বকে কেন্দ্র করে টঙ্গীর ময়দানে আগেভাগেই মুসল্লিদের ঢল নেমেছে।
গাজীপুরের টঙ্গীতে আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। তবে আয়োজনের দুদিন আগে থেকেই ইজতেমা প্রাঙ্গণ ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে।
বুধবার সরেজমিন পরিদর্শনে দেখা যায়, দেশের নানা প্রান্ত থেকে আসা মুসল্লিদের আগমনে ময়দানের সিংহভাগ ইতিমধ্যে ভরে গেছে। আগতরা কেউ নামাজে মগ্ন, কেউ কোরআন তিলাওয়াতে ব্যস্ত, আবার কেউ জিকির-আজকারে সময় অতিবাহিত করছেন।
ভোলা থেকে আসা মুসল্লি আবুল কালাম জানান, প্রতিবারের ধারাবাহিকতায় এবারও তিনি ইজতেমায় অংশ নিয়েছেন। ইসলামের আদর্শে জীবন গড়া এবং ধর্মীয় জ্ঞান অর্জনই তার এখানে আসার মূল লক্ষ্য।
কুমিল্লার লাকসাম থেকে আসা সাইফুল ইসলামের মতে, গত বছরের তুলনায় এবারের ইজতেমা মাঠের ব্যবস্থাপনা বেশ গোছানো এবং নিরাপত্তা ব্যবস্থাও আগের চেয়ে উন্নত।
ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানান, ময়দান পরিদর্শন করে মুসল্লিদের ব্যাপক সমাগমের আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে বিদেশি মেহমানদের আগমন শুরু হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, ইজতেমায় আগতদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি খাবার ও পানির বিশুদ্ধতা তদারকির জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একাধিক দল সার্বক্ষণিক কাজ করবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।